পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে রোববার (১৪ জুন) থেকে দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।
দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীরা আবারও পাঠদানে ফিরেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদ্রাসাগুলোতে সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে নিয়মিত ক্লাস শুরু হয়।
মাদ্রাসা শিক্ষা বিভাগের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে গত ২৪ মে থেকে এসব মাদ্রাসায় ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি ১১ জুন পর্যন্ত চলার পর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হলো।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষার্থীরা মিলিয়ে প্রায় ২৩ দিনের ছুটি ভোগ করেছে।
এর আগে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে গত ৭ জুন দেশের প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়। তবে মাদ্রাসাগুলোতে এক সপ্তাহ বেশি ছুটি থাকায় আজ থেকে সেখানেও ক্লাস শুরু হলো।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী জুলাই মাসে আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি রয়েছে। এছাড়া আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষে আরও কয়েকটি ছুটি নির্ধারিত রয়েছে।



