১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ জুন থেকে আলিম পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু, রঙিন প্রিন্ট বাধ্যতামূলক

আগামী মঙ্গলবার (১৬ জুন) থেকে শুরু হচ্ছে আসন্ন আলিম পরীক্ষার মূল প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত অনলাইন পোর্টাল থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। তবে পরীক্ষার্থীদের প্রবেশপত্র অবশ্যই রঙিন (কালার) প্রিন্টে নিতে হবে-এ নির্দেশনা বাধ্যতামূলক করেছে বোর্ড কর্তৃপক্ষ।

রোববার (১৪ জুন) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু ও শৃঙ্খলভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে দেশের সব আলিম পরীক্ষা কেন্দ্রের আওতাধীন মাদ্রাসাগুলোর একটি খসড়া তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় কোনো আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ই-মেইলে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে “আলিম -> ইসিআইএস -> ২০২৬” অপশন নির্বাচন করতে হবে। এরপর কেন্দ্র কোড ব্যবহার করে লগইন করে ‘কেন্দ্রের পরিসংখ্যান’ অংশে গিয়ে তালিকা যাচাই করতে হবে। কোনো আপত্তি না থাকলে অনলাইন অঙ্গীকারনামায় টিক দিয়ে সাবমিট করতে হবে।

বোর্ড আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন না।

অন্যদিকে, ১৬ জুন থেকে মূল প্রবেশপত্র প্রিন্টের কার্যক্রম শুরু হবে। কেন্দ্রের কর্মকর্তারা কেন্দ্র কোড দিয়ে লগইন করে নির্ধারিত পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। বোর্ড বিশেষভাবে জানিয়েছে, সব প্রবেশপত্র অবশ্যই রঙিন প্রিন্টে বিতরণ করতে হবে।