রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত।
সোমবার (১ জুন) ঈদুল আজহার ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, ঈদের আগে ঘটে যাওয়া ওই ঘটনার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি নিজে হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও নতুন করে পৃথক তদন্ত করছে। শিশুদের পরিবারের বক্তব্যসহ সব বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, শুরুতে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও আরও বাস্তবভিত্তিক ও পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে কিছু অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগামী ৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
ঘটনার আইনি দিক নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশুদের মৃত্যুর কারণ নির্ধারণে পোস্টমর্টেম করার চেষ্টা করা হলেও অভিভাবকরা এতে সম্মতি দেননি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, জোরপূর্বক পোস্টমর্টেম করা হলে নতুন সংকট তৈরি হতে পারত।
মন্ত্রী আরও জানান, ঘটনাটি নিয়ে একটি মামলা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



