স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া এবং চিকিৎসকের ফি মওকুফের বিষয়েও আলোচনা চলছে।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, কোনো রোগীর পরীক্ষার খরচ ১০ হাজার টাকা হলে তার মধ্যে ৮ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে জটিল রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো হবে এবং ডেঙ্গুজনিত মৃত্যুর বিস্তারিত বিশ্লেষণ (ডেথ রিভিউ) নিয়মিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত কিছু রোগী শনাক্ত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত সমন্বয় সভা এবং চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রমও চলছে।
মশা নিধনে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা প্রসঙ্গে মন্ত্রী জানান, পরীক্ষাগারে যাচাই করে আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ ব্যবহার করা হচ্ছে। তবে মাঠপর্যায়ে স্প্রে কার্যক্রমে অনিয়মের অভিযোগ থাকায় সিটি করপোরেশনগুলোকে তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী শনিবার থেকে দেশব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হবে। এতে র্যালি, মাইকিং, উঠান বৈঠক, কমিউনিটি সভা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
মন্ত্রী বলেন, “ডেঙ্গুর বিরুদ্ধে এটি একটি সামাজিক লড়াই। আগামী তিন মাস দেশব্যাপী সচেতনতামূলক আন্দোলন চালানো হবে।”



