১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা বেআইনি: শিশির মনির

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট ও স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশের ভিত্তিতে লাইসেন্স বাতিলের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শিশির মনির বলেন, স্বাস্থ্য অধিদপ্তর গত বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষকে যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, তার জবাব আগামীকাল বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে। তবে নোটিশে জবাব সন্তোষজনক না হলে কেন লাইসেন্স বাতিল করা হবে না-এ ধরনের ব্যাখ্যা চাওয়া হয়েছে, যা আইনগতভাবে সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে নবজাতকদের মৃত্যুর কারণ হিসেবে ওয়ার্ডে অক্সিজেনের স্বল্পতা ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির কথা উল্লেখ করা হলেও সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তথ্য ও পরিমাপ উল্লেখ নেই। কোন মাত্রার অক্সিজেন শিশুর জন্য প্রাণঘাতী হতে পারে-এ বিষয়েও প্রতিবেদনে স্পষ্ট ব্যাখ্যা নেই বলে তিনি দাবি করেন।

একই সংবাদ সম্মেলনে মারা যাওয়া এক শিশুর বাবা হাবিবুর রহমান বলেন, “আমরা চাই প্রকৃত দোষীর শাস্তি হোক, তবে হাসপাতাল বন্ধ করা আমরা চাই না।” তিনি জানান, এর আগেও তাঁর দুই সন্তান এই হাসপাতালে জন্ম নিয়ে সুস্থ ছিল।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা, চাকরির সুযোগ এবং ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়।