১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) সকাল থেকে এ কর্মবিরতি কার্যকর হয়।

এর আগে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম স্বাক্ষর করেন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, এফসিপিএস প্রশিক্ষণ নীতিমালা সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাব বৈষম্যমূলক ও অযৌক্তিক। পাশাপাশি ভর্তি পরীক্ষার উচ্চ ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের অপ্রতুল ভাতা, কর্মস্থলে নিরাপত্তাহীনতা এবং বেসরকারি খাতে চিকিৎসকদের বেতন কাঠামোর অনিশ্চয়তার বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দাবি উত্থাপন, আন্দোলন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও সমস্যাগুলোর সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত থাকবে।

ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন সংক্রান্ত প্রস্তাবনা বাতিল, বিএমইউ ও বিসিপিএসের ভর্তি পরীক্ষার ফি ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনিদের ৯ম গ্রেডে অন্তর্ভুক্ত করা, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন অনুযায়ী সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটির সহ-সাধারণ সম্পাদক ডা. আশরাফ সিদ্দিকী বলেন, চিকিৎসক সমাজের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। একই সঙ্গে দ্রুত কার্যকর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।