১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হয় কাজ করবেন, না হলে চলে যাবেন’—স্বাস্থ্য কর্মকর্তাকে প্রতিমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি ও নানা অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী । দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে মোবাইল ফোনে কড়া সতর্কবার্তাও দেন তিনি।

শনিবার (১৩ জুন) নিজের নির্বাচনী এলাকার মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। সেখানে গিয়ে তিনি দেখতে পান হাসপাতালের মূল ফটক তালাবদ্ধ। পরে ভেতরে প্রবেশ করে দায়িত্বরত চিকিৎসকদের একটি বড় অংশকে কর্মস্থলে অনুপস্থিত অবস্থায় পান।

হাসপাতালের পরিস্থিতি দেখে প্রতিমন্ত্রী চিকিৎসকদের হাজিরা রেজিস্টার পর্যালোচনা করেন। এ সময় উপস্থিতি ও স্বাক্ষর সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতি এবং অনিয়ম তার নজরে আসে বলে জানা যায়। এসব ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের একপর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে কর্মস্থলে খুঁজে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। ফোনালাপে তিনি বলেন, “আমি গত তিন মাসে সাত থেকে আটবার হাসপাতালে এসেছি। কিন্তু একদিনও আপনাকে কর্মস্থলে পাইনি। দায়িত্ব পালন করতে না চাইলে চলে যান। হয় কাজ করবেন, না হয় চলে যাবেন। আমাদের বিব্রত করে লাভ নেই।”

হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসাসেবায় অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থেকে কাজ করারও নির্দেশ দেন তিনি।

পরিস্থিতির উন্নয়নে আগামী মঙ্গলবার সকালে একটি জরুরি পর্যালোচনা সভা আয়োজনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সভায় হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম, চিকিৎসকদের উপস্থিতি এবং সেবার মান নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আশ্বাস দিয়ে বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলা ও অনিয়মে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।