১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় নবজাতকের মৃত্যু: কারণ নিয়ে স্পষ্টতা নেই, দাবি আদ্-দ্বীন ফাউন্ডেশনের

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তদন্ত প্রতিবেদনে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি বলে দাবি করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শেখ মহিউদ্দিন বলেন, মৃত শিশুদের কোনো ময়নাতদন্ত করা হয়নি। ফলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ নেই বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, লাইসেন্স বাতিলের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিবেদন দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে সংস্কার কাজ শুরু করেছে। প্রতিবেদনে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, সেগুলোও ইতোমধ্যে সংস্কারের আওতায় আনা হচ্ছে। অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোঅক্সাইড পর্যবেক্ষণের জন্য যন্ত্রপাতি কেনা হয়েছে বলেও তিনি জানান।

শিশু ওয়ার্ড সিলগালা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ঠিক করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমতির জন্য চাবি চেয়েছে এবং এক সপ্তাহের মধ্যেই সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে অক্সিজেনের মাত্রা কম এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেশি থাকার বিষয়টি মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হলেও ডা. শেখ মহিউদ্দিন তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, হাসপাতালের ভেতরের পরিবেশে এমন মাত্রা স্বাভাবিক এবং এটি মৃত্যুর কারণ হতে পারে না।

তিনি আরও দাবি করেন, শিশুদের ক্ষেত্রে কম অক্সিজেন ও বেশি কার্বন ডাই-অক্সাইড সহ্য করার ক্ষমতা তুলনামূলকভাবে বেশি থাকে। যেহেতু ময়নাতদন্ত হয়নি, তাই প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন।