মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ইতোমধ্যে বাজারে প্রায় ৪ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস দেখা গেছে বলে জানিয়েছে সিএনএন।
সোমবার এক প্রতিবেদনে সিএনএন জানায়, ট্রাম্পের ঘোষণার পর ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪ ডলারে নেমে এসেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। বর্তমানে এই তেল বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল ৮১ ডলারে।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধাবসান চুক্তি সম্পন্ন হয়েছে এবং আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে।
এই ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করে। বাজার বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের ৪ মার্চের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে।
তারা আরও জানান, মূল্যহ্রাস বাজারের জন্য ইতিবাচক হলেও পুরোপুরি স্থিতিশীল হতে আরও সময় লাগবে।
র্যাপিডান এনার্জির প্রেসিডেন্ট বব ম্যাকনেলি এবিসি নিউজকে বলেন, যুদ্ধ শুরুর সময় তেলের দাম ছিল প্রায় ৭০ ডলারের কাছাকাছি, পরে তা বেড়ে ১০০ ডলার ছাড়িয়ে যায়। তবে সাম্প্রতিক পতন বাজারকে স্বস্তি দিলেও হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত না হলে পূর্ণ স্থিতিশীলতা আসবে না বলেও তিনি মন্তব্য করেন।



