রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার এক মামলায় কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার এক সন্দেহভাজন আসামিকে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের শুনানির পর আদালত আবেদন মঞ্জুর করেন এবং তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে বিনিয়োগের নামে অর্থ নেওয়া হয়। শুরুতে কিছু অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করা হলেও পরবর্তীতে মুনাফার আশ্বাস দিয়ে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল।



