১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তার নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের সমর্থকেরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ দলের শীর্ষ নেতারা।

শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য মোনাজাত করা হয়।

পরে সকাল সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের টি অ্যান্ড টি খেলার মাঠসংলগ্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। এ সময় তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে আলোচনা সভা, দোয়া মাহফিল, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলের নেতাকর্মীরা দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

দলের নেতারা বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার রাজনৈতিক দর্শন ও আদর্শ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও তারা উল্লেখ করেন।