নতুন সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি কুয়ালালামপুর পৌঁছাবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর এটিই তার প্রথম কোনো আনুষ্ঠানিক বিদেশ সফর। সরকারপ্রধানের এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের জোয়ার বইছে।
প্রধানমন্ত্রীর এই আগমনকে বরণ করে নিতে মালয়েশিয়ার প্রধান প্রধান শহরগুলোতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সাধারণ প্রবাসী ও সংশ্লিষ্ট নেতা-কর্মীরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এবং এরই মধ্যে তাদের প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছেন। অনেকের মতে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই সফরটি অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। দীর্ঘ প্রতীক্ষিত এই সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিরা এখন প্রহর গুনছেন।
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের আরও উন্নয়ন ঘটবে এবং প্রবাসীদের নানাবিধ দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান হবে। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।



