আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা ও উপবৃত্তির অনলাইন আবেদন করার সময়সীমা আগামী ২৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
রোববার (১৪ জুন) ট্রাস্টের সহকারী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও সমমান পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ২০২৬ সালে ভর্তিকৃত বা অধ্যয়নরত শিক্ষার্থীদের ভর্তি সহায়তা এবং স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বা অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা যাবে। এর আগে আবেদনের শেষ সময় ছিল ১৪ জুন।
মাধ্যমিক পর্যায়ের ক্ষেত্রে আবেদনকারীর পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় সর্বোচ্চ তিন লাখ টাকার মধ্যে হতে হবে। আবেদনকারীদের জন্মনিবন্ধন, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, ছবি, ব্যাংক হিসাবের তথ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র অনলাইনে জমা দিতে হবে।
এছাড়া স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি কর্মসূচির আবেদনও একই সময় পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আবেদন ফরওয়ার্ড করার সময়সীমাও ২৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
ট্রাস্ট জানিয়েছে, পুরো কার্যক্রমই অনলাইনভিত্তিক, তাই কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। আবেদন সংক্রান্ত তথ্য ট্রাস্টের ওয়েবসাইট ও অনলাইন পোর্টালে পাওয়া যাবে।
তথ্যের জন্য অফিস চলাকালে ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।



