১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের আদর্শেই দেশ এগিয়ে নিতে চায় বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে স্বতন্ত্র পরিচয় ও আত্মমর্যাদার ভিত্তি দিয়েছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি দেশকে এগিয়ে নিতে চায়।

বৃহস্পতিবার রাজধানীর পিআইবি অডিটোরিয়ামে “বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন ও নিরপেক্ষ কূটনীতি” শীর্ষক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে দেশের তৎকালীন সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে পুনর্গঠনের উদ্যোগ নেন। তাঁর লক্ষ্য ছিল সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়া।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে কোনো দেশের প্রতিদ্বন্দ্বী বা নির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাননি; বরং তিনি দেশের নিজস্ব শক্তি ও জনগণের ওপর আস্থা রেখেছিলেন। এ কারণেই তিনি জনগণের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

বিএনপি মহাসচিব দাবি করেন, স্বাধীনতার সময় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং জাতিকে সংগঠিত করতে কাজ করেন।

বর্তমান রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের জনগণ গণতন্ত্র ও ন্যায্যতার প্রত্যাশায় বিএনপির ওপর আস্থা রাখে এবং দলটি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ ড. মুশতাক খান, এএনএম মুনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আবু রূশদ এবং ব্রেইনের নির্বাহী পরিচালক ড. সফিকুর রহমান। বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্রগঠনে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন।