১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার আওয়ামী লীগের ফাঁদে পড়েছে, একই পরিণতি হতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার আওয়ামী লীগের ফাঁদে পড়েছে এবং তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের কর্মকাণ্ড এভাবে চলতে থাকলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল, এই সরকারেরও ঠিক একই পরিণতি হতে পারে।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে সরকারের সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে বলেন, সরকার ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দেয়ার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। তারা এখন আওয়ামী লীগের প্রেমে পড়েছে এবং তাদের নানাভাবে ছাড় দিয়ে রেখেছে, যাতে তারা রাজনীতি করার অবাধ সুযোগ পায়।

তিনি আরও অভিযোগ করেন, সংসদে ২০০ আসন পাওয়ার কারণে সরকার এখন কোনো কিছুকেই তোয়াক্কা করছে না এবং সবকিছু নিজেদের খেয়ালখুশিমতো করছে। আওয়ামী লীগ যেভাবে দেশ চালাত, বর্তমান সরকারও হুবহু একই পদ্ধতি অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে।

একই সেমিনারে অংশ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, সরকার জুলাই সনদ নিয়ে দেশের সাধারণ জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা শুরু করেছে। তবে জনগণের সাথে এমন প্রতারণা করে বেশি দিন ক্ষমতার টিকে থাকা যাবে না বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের বক্তব্য তুলে ধরে বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে যে ধ্বংসাত্মক পথে পরিচালিত করেছিলেন, বিএনপিও এখন ঠিক একই রাস্তায় হাঁটছে। এই রাস্তায় চলতে থাকলে সাধারণ মানুষ খুব দ্রুতই তাদের প্রত্যাখ্যান করবে এবং সেটা কোন প্রক্রিয়ায় হবে, এখন সেটাই দেখার বিষয়।