বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের প্রস্তাব অবিলম্বে বাতিল করতে হবে। এ সিদ্ধান্তে চট্টগ্রামের জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত যৌক্তিক বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, চট্টগ্রামের জয়পাহাড় এলাকায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিপিসির নতুন ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিএসসি ভবন থেকে পরিচালিত হচ্ছে। প্রয়োজন হলে ঢাকায় লিয়াজোঁ অফিস রাখা যেতে পারে, তবে প্রধান কার্যালয় চট্টগ্রামেই থাকা উচিত।
নজরুল ইসলাম বলেন, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রামে অবস্থিত। পাশাপাশি দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম থেকেই জ্বালানি তেল আমদানি ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়। ফলে জ্বালানি খাতের কেন্দ্রবিন্দু চট্টগ্রাম হওয়ায় প্রধান কার্যালয় স্থানান্তরের কোনো যৌক্তিকতা নেই।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে জ্বালানি খাতের প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ কাঠামো পরিবর্তন করলে সমন্বয়হীনতা ও প্রশাসনিক স্থবিরতা দেখা দিতে পারে।
বিবৃতিতে তিনি জাতীয় গুরুত্বপূর্ণ এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের মতামত গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি বিষয়টি সংসদীয় কমিটিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন।



