স্বাস্থ্যখাতে যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকদের অবমূল্যায়ন করে দুর্নীতিবাজ ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দীন।
রোববার (৭ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
সেলিম উদ্দীন বলেন, স্বাস্থ্যখাতে মূল দায়িত্ব পালনের পরিবর্তে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া যাবে না। যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকদের মূল্যায়ন না করে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দায়িত্বপূর্ণ পদে বসানো হলে স্বাস্থ্যসেবার মান আরও ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, অতীতে যারা জনগণের সঙ্গে অন্যায় করেছে এবং স্বাস্থ্যখাতকে সংকটের মুখে ঠেলে দিয়েছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। জনগণ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন স্বাস্থ্যব্যবস্থা প্রত্যাশা করে।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর উত্তর জামায়াতের মেডিকেল বিভাগের থানা আমির ডা. এস এম খালিদুজ্জামান বলেন, উন্নত দেশগুলোতে জাতীয় বাজেটের ১০ থেকে ১৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়া হলেও বাংলাদেশে এ খাতে বরাদ্দ মাত্র ২ থেকে ৩ শতাংশ, যা জিডিপির তুলনায় এক শতাংশেরও কম।
তিনি বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবাকে দুর্নীতিমুক্ত ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
মানববন্ধনে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



