১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিএপিপি মহাসচিবের সঙ্গে এনসিপি প্রতিনিধিদের বৈঠক

এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর মহাসচিব ও কোরিয়া প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রদূত ওহ সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে।

রোববার (৭ জুন) বিকেলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব এস. এম. সুজা উদ্দিন এবং ফারিদুল হক।

বৈঠকে রাজনৈতিক সংলাপ জোরদার, গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়ন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আইসিএপিপি মহাসচিব ওহ সং এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে তরুণ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি আইসিএপিপির আসন্ন সাধারণ অধিবেশনে এনসিপির অংশগ্রহণকে স্বাগত জানান, যা সংগঠনটির সঙ্গে দলের প্রথম উচ্চপর্যায়ের সম্পৃক্ততা হিসেবে বিবেচিত হচ্ছে।

উভয় পক্ষই সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা, নেতৃত্ব বিনিময় কর্মসূচি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

বৈঠক শেষে তারা আঞ্চলিক সহযোগিতা জোরদার, সুশাসন প্রতিষ্ঠা এবং উদীয়মান রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।