পুলিশি হয়রানি, পুরোনো স্বৈরাচারী চর্চা এবং বিরোধী মত দমনের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, জনগণের ওপর আবারও জুলুম-নির্যাতন চলছে এবং সরকার পুরোনো স্বৈরশক্তির ধারাবাহিকতা বজায় রাখছে।
তিনি বাজেট প্রসঙ্গে বলেন, সরকার দুর্নীতি, লুটপাট ও খেলাপি ঋণের সংস্কৃতি বন্ধে ব্যর্থ হয়েছে। ফলে বিরোধী দলের পক্ষে বাজেটের প্রশংসা করা সম্ভব নয়।
তিনি প্রশ্ন তোলেন, প্রস্তাবিত বাজেটের কত অংশ জনগণের কল্যাণে ব্যয় হবে এবং কত অংশ ক্ষমতাসীনদের স্বার্থে ব্যবহৃত হবে।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান বাজেট বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং এটি বাস্তবায়নে বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হবে।
তিনি আরও বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে দুর্নীতি ও লুটপাট বন্ধ করা সম্ভব নয়।
ব্যাংক খাত ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও তিনি সমালোচনা করেন এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন।
পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগকে জনগণের রায়ের ভিত্তিতে স্বাধীনভাবে পরিচালনার দাবি জানিয়ে তিনি বলেন, প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব হবে।
তিনি সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়েও বক্তব্য দেন এবং পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্কের আহ্বান জানান।
তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়নীতি ও জনগণের স্বার্থ নিশ্চিত করতে হলে সরকারকে সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে।



