সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন, যার মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬২ জনের।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই মাসে দেশে হামে ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৮৮ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ জন।
এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৩৪ জনের। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬৭ হাজার ৭৯ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হামে ও উপসর্গ নিয়ে মারা গেছে ২৩৮ জন এবং আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৭৯৪ জন।
গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।



