রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ আদেশ দেন। আদালত ফৌজদারি বিশেষজ্ঞ একজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে নির্দেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র জানায়, মামলাটির মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আসামিদের জেল আপিলের শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে। এটি এখন যেকোনো সময় হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে।
এর আগে গত ৯ জুন মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে। বিজি প্রেস থেকে পেপার বুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছানোর পর বর্তমানে তা যাচাই-বাছাই চলছে।
গত ৭ জুন ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ ঘটনায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়।
আদালতের রায়ে বলা হয়, হত্যার আগে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আসামিদের স্বীকারোক্তি ও ঘটনার প্রমাণ বিবেচনায় দোষী সাব্যস্ত করা হয়। অর্থদণ্ড ভিকটিমের আইনগত উত্তরাধিকারীদের প্রদান করার নির্দেশও দেওয়া হয়।


