১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২১ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম সরকারি বিদেশ সফরে আগামী ২১ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে দুই দিনের এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, হালাল খাদ্যশিল্প, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং সার্বিক অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।

কুয়ালালামপুরে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। এর পাশাপাশি মালয়েশিয়া সরকারের আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গেও তার একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, মালয়েশিয়া সফর শেষ করেই প্রধানমন্ত্রী চীন সফরে যেতে পারেন, যা নিয়ে বর্তমানে কাজ চলছে। সম্ভাব্য সূচি অনুযায়ী ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর শেষে ২৩ থেকে ২৬ জুন সরকারপ্রধানের চীন সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে প্রধানমন্ত্রী কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিং যাবেন, নাকি প্রথমে ঢাকায় ফিরে এরপর চীন সফরে রওনা হবেন— সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের আগস্টে মালয়েশিয়া সফর করেছিলেন। এর আগে ২০২৪ সালের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক সংক্ষিপ্ত সফরে ঢাকা এসেছিলেন।