১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনায় বিক্ষোভ

বিনা নোটিশে তিন শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টা থেকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ১নং ইস্ট/ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে সহস্রাধিক স্থানীয় বাসিন্দা অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভ চলাকালে ক্যাম্পে এনজিও সংস্থার কর্মীবাহী যানবাহন প্রবেশের সময় স্থানীয়রা সেগুলো আটকে দেন।

স্থানীয়দের অভিযোগ, রোববার (১৫ জুন) সকালে হঠাৎ করে ক্যাম্পের ভেতরে লম্বাশিয়া এলাকায় বসবাসরত ৩ শতাধিক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

লম্বাশিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, তারা বৈধ গ্রাহক এবং কোনো বকেয়া নেই। তারপরও কোনো নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

একই এলাকার গৃহবধূ আয়েশা আক্তার জানান, বিদ্যুৎ না থাকায় পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, কোনো অপরাধ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু এভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা অন্যায়।

তবে ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলাম দাবি করেন, বিদ্যুৎ সংযোগ পল্লীবিদ্যুৎ সমিতি বিচ্ছিন্ন করেছে।

এ বিষয়ে পল্লীবিদ্যুৎ কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

পরে স্থানীয় বিএনপি নেতার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।