রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল–এ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তাদের প্রতিবেদনে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।
তদন্তে দেখা গেছে-
- সংশ্লিষ্ট ওয়ার্ডে দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ ছিল।
- পর্যাপ্ত বায়ু চলাচল ও ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না।
- অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়।
- জরুরি চিকিৎসা সাড়া (ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স) কার্যকর ছিল না।
- দায়িত্বপ্রাপ্ত সেবিকাদের মধ্যে অবহেলা ও অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে।
- নবজাতকদের অবস্থার অবনতি হলেও দ্রুত চিকিৎসকদের অবহিত করা হয়নি।
- রোগী ও স্বজন মিলিয়ে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত লোকজন কক্ষে অবস্থান করছিল।
মন্ত্রী আরও বলেন, প্রায় ৯০০ বর্গফুটের একটি কক্ষে ১১ জন রোগী, নবজাতক এবং তাদের স্বজনসহ প্রায় ৫০ জন অবস্থান করছিলেন, যা নিরাপদ চিকিৎসা পরিবেশের জন্য অনুপযুক্ত।
তদন্তে আরও জানা গেছে যে, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে রোগীদের তদারকির জন্য কোনো চিকিৎসক নিয়মিত উপস্থিত ছিলেন না এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেবিকাদের প্রয়োজনীয় প্রশিক্ষণেরও ঘাটতি ছিল।
তবে বর্তমানে হাসপাতালে অনেক রোগী ভর্তি থাকায় তাৎক্ষণিকভাবে হাসপাতালটি বন্ধ করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে আগামী রোববারের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।



