১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ থাকছেন না ভাইজান

বলিউডের বহুল প্রতীক্ষিত কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আগামী ২৬ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে। অক্ষয় কুমারসহ বড় তারকাবহুল এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে। এরই মধ্যে সিনেমাটিতে সালমান খানের বিশেষ উপস্থিতি বা ক্যামিও চরিত্র নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সেই খবরে উচ্ছ্বসিত হয়েছিলেন সালমান ভক্তরাও।

তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হচ্ছে না। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় সালমান খানের কোনো ক্যামিও বা বিশেষ চরিত্র নেই। তাঁর উপস্থিতি নিয়ে যে আলোচনা চলছিল, তা পুরোপুরি ভিত্তিহীন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সালমান খান বর্তমানে নিজের একাধিক পূর্বনির্ধারিত কাজ ও শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাই এই সিনেমার সঙ্গে তাঁর যুক্ত হওয়ার কোনো সুযোগ হয়নি। সূত্রটির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের উপস্থিতি নিয়ে যে ধরনের খবর ছড়ানো হয়েছে, তার কোনো সত্যতা নেই।

মূলত অভিনেতা ও জনপ্রিয় কৌতুকশিল্পী –এর একটি মন্তব্য থেকেই এই জল্পনার শুরু। সম্প্রতি ‘লাফটার শেফস’ অনুষ্ঠানের সেটে আলোকচিত্রীদের এক প্রশ্নের জবাবে তিনি রহস্যময় হাসি দিয়ে ইঙ্গিত করেছিলেন, সিনেমাটিতে দর্শকদের জন্য বড় কোনো চমক অপেক্ষা করছে।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সেই চমক হয়তো সালমান খান। অনেকেই ধারণা করেছিলেন, ‘ওয়েলকাম’ সিরিজের নতুন এই সিনেমায় বিশেষ উপস্থিতি নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন ভাইজান।

কিন্তু মুক্তির আগে পাওয়া সর্বশেষ তথ্য বলছে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এ সালমান খানের কোনো উপস্থিতি থাকছে না। ফলে বড় পর্দায় প্রিয় তারকাকে দেখার আশা করা ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে হতাশার খবর।