১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাম-রুবেলা টিকা সংকট, ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন

ঢাকায় আদালতে হাম ও রুবেলা টিকার সংকটকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন। আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন।

মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

আবেদনে অভিযোগ করা হয়েছে, হাম-রুবেলা টিকা যথাসময়ে আমদানি না করার কারণে দেশে টিকা সংকট তৈরি হয়, যার ফলে বিপুলসংখ্যক শিশু টিকাদান কর্মসূচি থেকে বঞ্চিত হয় এবং হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে শত শত শিশুর মৃত্যু এবং হাজার হাজার শিশুর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা সংগ্রহ করলেও অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া বন্ধ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। এতে দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়ে টিকার ঘাটতি দেখা দেয়।

মামলার আবেদনে আরও উল্লেখ করা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স পূর্বেই সম্ভাব্য টিকা সংকট সম্পর্কে স্বাস্থ্য বিভাগকে সতর্ক করেছিলেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় পরিস্থিতির অবনতি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে দাবি করা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫ হাজার ৭০৮ শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং সরকারি হিসাবে প্রায় ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের বাইরে আক্রান্ত হওয়া বহু শিশুর তথ্য সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, পরবর্তীতে জরুরি ভিত্তিতে টিকা সরবরাহের ব্যবস্থা নেওয়া হলেও সময়মতো টিকা আমদানি না করার কারণে যে ক্ষতি হয়েছে, তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না। এ ঘটনায় দায়িত্বে অবহেলা, নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।