১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় হামের রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু

রাজধানীতে হামের প্রকোপ বাড়তে থাকায় আক্রান্ত রোগীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার রোগীদের জন্য মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২১ মে) হাসপাতাল কর্তৃপক্ষ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে হাসপাতালটিতে বিশেষ আইসোলেশন ইউনিট চালু রাখা হয়েছে। একই সঙ্গে রোগীদের নিরাপদে হাসপাতালে আনা-নেওয়ার জন্য স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের যেকোনো এলাকা থেকে রোগীরা এ সুবিধা নিতে পারবেন।

এদিকে অভিভাবকদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, হামে আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে এবং লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সেবা নিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের হটলাইন নম্বর ০১৯৫৮২৭৭৮০০-এ যোগাযোগ করতে বলা হয়েছে।