১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির উচিত অশিক্ষিত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা: আসিফ মাহমুদ

বিএনপিতে কিছু অশিক্ষিত লোক রয়েছে যারা বাজেট নির্ধারণের সাধারণ নিয়মটুকুও বোঝে না উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া

তিনি বলেছেন, বাজেট নির্ধারণ মানেই যে টাকা নিয়ে যাওয়া নয়, এই সাধারণ জ্ঞানটুকু তাদের নেই। তাই বিএনপির উচিত অবিলম্বে তাদের এই ধরনের কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। রোববার (৩১ মে) রাজধানীর কালশীর বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং অসহায় মানুষের মাঝে ত্রাণ ও খাবার বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে কালশী বস্তির এই অগ্নিকাণ্ডকে কোনো সাধারণ দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ আসিফ মাহমুদ। সম্প্রতি ওই এলাকায় ঘটে যাওয়া একটি উচ্ছেদ অভিযান ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঝামেলার ঠিক কয়েক দিনের মাথায় এভাবে আগুন লাগার বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা কিংবা গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা, তা খতিয়ে দেখতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান তিনি।

এনসিপির মুখপাত্র স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীদের জোরপূর্বক উচ্ছেদ করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না। সরকারি জমি প্রয়োজনে সরকার অবশ্যই বুঝে নিতে পারে, তবে তার আগে সেখানে বছরের পর বছর ধরে বসবাসকারী অসহায় মানুষদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি আহ্বান জানান, ভবিষ্যতে ওই স্থানে কোনো আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হলে যেন এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেই সবার আগে অগ্রাধিকার দেওয়া হয়। এই মানবিক কর্মসূচিতে আসিফ মাহমুদের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।